দিনাজপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতার থানায় অভিযোগ দায়ের
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুর কোতয়ালী থানায় নিজেদের পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দিনাজপুর পৌরসভা ১০ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক ও পৌর বিএনপির সদস্য মো. বদরুল ইসলাম বুলু। সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে বিবাদীপক্ষ তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখাচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মো. বদরুল ইসলাম বুলু (৫৮) তার পালক পুত্র মো. হারুন উর রশিদ হৃদয় (২৫) এবং স্ত্রী মোছা. হোসনে আরা বেগম বিউটিকে নিয়ে শহরের বালুয়াডাঙ্গায় বসবাস করছিলেন। তিনি নিঃসন্তান হওয়ায় ২০০১ সালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি পুত্র সন্তানকে দত্তক নিয়েছিলেন এবং তার গ্রামের বাড়ি ৩ নং ফাজিলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দক্ষিণ রাণীপুর গ্রামে বর্তমানে বসবাস করছেন। তার এই পালক সন্তানকে কেন্দ্র করে তার দুই সহোদর ভাই, মো. তোজাম্মেল হক বাবলু (৪৫) এবং মো. রিয়াজুল ইসলাম (৪৮), পৈতৃক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করার চেষ্টা করছেন।
বদরুল ইসলাম বুলু অভিযোগে উল্লেখ করেন যে, আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন সময় থেকেই তার দুই ভাই তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছিলেন। এর ধারাবাহিকতায় গত ১৬ আগস্ট, ২০২৫ তারিখে সকাল আনুমানিক ১১টায় বিবাদীরা তার সঙ্গে ঝগড়া করেন এবং তাকে ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসানো এবং প্রাণনাশের হুমকি দেন।
তিনি জানান, তাদের পরিবারের সকল ওয়ারিশের সম্মতিক্রমে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পৈতৃক সম্পত্তি ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু তার আগেই বিবাদীপক্ষ তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন মিথ্যা অভিযোগ ও হুমকি দিয়ে আসছে।
বদরুল ইসলাম বুলু আরও জানান, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আশঙ্কা করছেন যে, বিবাদীদের দ্বারা যেকোনো মুহূর্তে তাদের বড় ধরনের ক্ষতি হতে পারে । দিনাজপুর কতোয়ালী থানা (জিডি) নং – ১৪১৮।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































